ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহার কি জরুরি?কারণ জেনে নিন

ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা কি জরুরি? সানস্ক্রিন ক্রিম কেনো জরুরি? সানস্ক্রিন ব্যবহার না করলে কি কি ক্ষতি হয় জানেন কি? ছেলেদের ত্বকে সানস্ক্রিন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম কি? সানস্ক্রিন কত ধরনের? মেঘলা দিনে বা বৃষ্টি হলেও কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে? সবসময় গাড়িতে চলাফেরা করলে কিংবা বাড়ির ভেতরে থাকলেও কি ব্যবহার জরুরি? সানস্ক্রিন ক্রিম তুলবেন কিভাবে? নিশ্চয়ই মনে অনেক প্রশ্ন জাগছে তাই না? ছেলেদের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা জরুরি। কোন ত্বকে কোন ধরনের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত? মেয়েদের সানস্ক্রিন কি ছেলেরা ব্যবহার করতে পারবে? কতক্ষণ পরপর এবং কিভাবে ব্যবহার করবেন? এসব বিষয়ে আজ জানবো বিস্তারিত। জেনে নেবো ছেলেদের জন্য উপযোগী উন্নতমানের সানস্ক্রিন কোনগুলো সে বিষয়েও। তাহলে আর দেরী কেনো? চলুন ঝটপট জেনে নেয়া যাক।

সানস্ক্রিন ক্রিম কি?

সূর্যের ক্ষতিকর অতিবেগুণীরশ্মি ইউভি-এ এবং ইউভি-বি ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। ত্বককে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে সূর্যরশ্মি-প্রতিরোধী যে ক্রিম ব্যবহার করা হয় সেটিই সানস্ক্রিন ক্রিম। ধরন অনুযায়ী সানস্ক্রিন নানা ধরনের হয়ে থাকে, যেমনঃ ফিজিক্যাল পাউডার সানস্ক্রিন(জিংক অক্সাইড/টাইটেনিয়াম অক্সাইড) এবং কেমিক্যাল সানস্ক্রিন (ক্রিম, জেল, স্প্রে, স্টিক ইত্যাদি)। এগুলোতে এসপিএফ(SPF) অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর থাকে। সেই সাথে পিএ+, পিএ++, পিএ+++, পিএ++++ ইত্যাদি থাকে। যতবেশি প্লাস যুক্ত থাকে তত বেশি কার্যকরীভাবে সূর্যরশ্মি প্রতিরোধ করা সম্ভব। এসপিএফ৩০,৩০+ কিংবা ৫০ এর সাথে পিএ+++ বা পিএ++++ থাকলে সেগুলো প্রায় ৯৫-৯৮% সূর্যরশ্মি প্রতিরোধ করতে সক্ষম।

ছেলেদের ত্বকে সানস্ক্রিন ক্রিম না ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে?

  • ত্বকের কোলাজেন প্রোডাকশন কমে যাওয়া।
  • ত্বকে বলিরেখা বা রিংকেলস দেখা দেয়া।
  • বয়সের ছাপ।
  • চামড়া কুচকে যাওয়া।
  • অকাল বার্ধক্য।
  • সানট্যান বা চামড়া পুড়ে কালো হয়ে যাওয়া।
  • পিগমেন্টেশন দেখা দেয়া।
  • ত্বকে কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়া।
  • ত্বকের ক্যান্সার হওয়া।
ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম কেনো জরুরি

ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম কেনো জরুরি?

অনেকের ধারণা ছেলেদের ত্বকে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। অনেকেই আবার বন্ধুমহলের রুপচর্চাকারী ট্যাগ যাতে না পেতে হয় সে কারণে ত্বকের যত্ন নেন না। কাজের প্রয়োজনে ছেলেদেরকে দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয়। তাই সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব ছেলেদের ত্বকে বেশি হয়। কিন্ত ছেলেরা সেই অনুযায়ী ত্বকের যত্ন না নিলে হতে পারে ত্বকের মারাত্মক ক্ষতি এমনকি ত্বকের ক্যান্সারও। অধিকাংশ ছেলেরাই ত্বকের যত্ন নিতে উদাসীনতা দেখায়। সৌন্দর্য শব্দটা শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য এমন ভুল ধারনায় থেকে ত্বকের মারাত্মক ক্ষতি না করে সচেতন হতে হবে। বেশিক্ষণ বাইরে থাকার কারণে ছেলেদের ত্বকে মেলানিন উৎপাদন বেশি হয় যা সানট্যানসহ ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই ছেলেদের জন্য সানস্ক্রিন ব্যবহার অত্যাবশ্যক। খেলোয়াড়েরা দীর্ঘসময় মাঠে খেলার কারণে ত্বককে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে ফিজিক্যাল সানস্ক্রিন হিসেবে জিংক অক্সাইড হোয়াইট পাউডার ব্যবহার করে থাকেন।

ছেলেদের কোন ত্বকে কোন ধরনের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত?

ছেলেদের ত্বকের বিভিন্ন ধরন রয়েছে যেমন- শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক, মিশ্র, এবং সংবেদনশীল ত্বক। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজারযুক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রেটিং বা স্প্রে জাতীয় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তৈলাক্ত বা মিশ্র ত্বকের জন্য জেল বা স্প্রে জাতীয়, এবং স্বাভাবিক ত্বকে যেকোনো সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা যেতে পারে। সানস্ক্রিন কেনার আগে প্যাচ টেস্ট করে অল্প কোনো জায়গায় সানস্ক্রিন ক্রিম লাগিয়ে পরীক্ষা করতে হবে সেটা ম্যাচ করছে কিনা।

ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম কি

ছেলেদের জন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম কি?

  • প্রথমে মুখ ও শরীরের যেসব অংশ বাইরে দৃশ্যমান থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হবে।
  • ড্যাব ড্যাব করে আলতোভাবে মুছে নিন।
  • এরপর সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন।
  • সময় নিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ মুখে ও বাহ্যিক অংশগুলোতে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে।
  • ময়শ্চারাইজারের আগে সানস্ক্রিন লাগাতে হবে।
  • বাইরে বের হওয়ার কমপক্ষে ২৫-৩০ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন।
  • এমনভাবে ম্যাসাজ করবেন যেনো পুরোপুরি মিশে যায়।
  • ঘাম বেশি হলে, বৃষ্টির সময় কিংবা সুইমিংপুলে নামার আগে অবশ্যই জল-প্রতিরোধী(Waterproof) সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিতে হবে।
  • প্রতি ২-৩ ঘন্টা পর পর পুণরায় এই ক্রিম প্রয়োগ করতে হবে।

সানস্ক্রিন ক্রিম ব্যবহার ও কেনার সময় যেসব ভুল এড়িয়ে চলতে হবেঃ

  • ঘামের ওপর সরাসরি সানস্ক্রিন প্রয়োগ করা যাবে না। আগে মুখ মুছে পরিষ্কার করে নিতে হবে।
  • কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে কিনতে হবে।
  • প্যাচ টেস্ট করে ত্বকের সাথে মানানসই কিনা তা বুঝে কিনতে হবে।
  • ২-৩ ঘন্টা পর পুণরায় ব্যবহার করতেই হবে।
  • ময়শ্চারাইজারের পরে নয় বরং আগে ব্যবহার করতে হবে।
  • বাইরে যাওয়ার সময় ব্যবহার করলে সাথে সাথে এটি কাজ করবে না। তাই বের হওয়ার কিছুক্ষণ আগে লাগাতে হবে।
  • ত্বকের ধরন না বুঝে কেনা যাবেনা।
  • এলার্জিক কিনা তা প্যাচ টেস্ট করে দেখে নিতে হবে কেনার আগেই।
  • মেয়েদের সানস্ক্রিন ক্রিম না কিনে ইউনিসেক্স সানস্ক্রিন ব্যবহার করতে হবে
ছেলেরা ত্বক থেকে সানস্ক্রিন তুলবেন কিভাবে

ছেলেরা ত্বক থেকে সানস্ক্রিন তুলবেন কিভাবে?

  • বাইরে থেকে এসেই প্রথমে মুখে টোনার বা তেল দিয়ে ম্যাসাজ করতে হবে।
  • কিছুক্ষণ রেখে একটি তুলা বা ওয়েট টিস্যুতে মাইসেলার ওয়াটার লাগিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে সানস্ক্রিন ক্রিম।
  • তারপর মুখে বরফ বা শসার কুচি ঘসে নিন অথবা পানি দিয়ে ধুয়ে নিন।
  • এবার একটি ভালোমানের ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন।
  • তারপর ময়শ্চারাইজার লাগান।