মা দিবস বিভিন্ন দেশে বিভিন্ন দিনে কেনো পালিত হয়?

“মা” ছোট্ট এই ডাকটিতে যে শান্তি অনুভূত হয় তা পৃথিবীর আর কোথাও খুজে পাওয়া যায় না। “আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো”- সত্যিই তাই। মায়ের মতো কেউ কি আছে এত আপন? মায়ের আচঁল, মায়ের কোল, মায়ের সুবাস, মায়ের ভালোবাসা সবটাই স্বর্গীয়, শান্তির। স্কুলের টিফিন কিংবা অফিসের লাঞ্চ, জরুরী কাগজপত্র, পছন্দের খাবার আর শত আবদার একজনের কাছেই, “মা”। সন্তান অসুস্থ হলে রাতজেগে সেবা করে মা। মা যেনো বিরতিহীন ক্লান্তিহীন এক যোদ্ধা। আমাদের মায়েরা ফুলের বাগানের মতো, শীতল ছায়ায় আগলে রাখা গাছের মতো, যার যত্নে, ভালোবাসায় মিশে থাকে নিঃস্বার্থ মমতা। “মা দিবস” এই দিনটি তাই সন্তানের কাছে আবেগের একটি দিন। তবে পৃথিবীর বিভিন্ন দেশে মাদার্স ডে পালিত হয় বিভিন্ন দিনে। মা-কে ভালোবাসার জন্য দিবসের প্রয়োজন হয় না। তবুও এই দিনটি যেনো শুধুই মায়ের জন্য উৎসর্গ করতে ইচ্ছে করে। জানেন কি মা দিবস কবে শুরু হয়েছিলো? কেনো বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয় মা দিবস? জানতে চান?

মা দিবস শুরু হয়েছিলো যেভাবে

মা দিবসের শুরুটা প্রাচীন গ্রিক ধর্মীয়ভাবে হলেও আধুনিক যুগে ধর্মনিরপেক্ষভাবে মা দিবস বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। প্রাচীন গ্রীসে খৃষ্টানদের গ্রিক দেবী সিবেল এর জন্য মাতৃ আরাধনার দিন হিসেবে মাদারিং সানডে পালিত হতো। অপরদিকে প্রাচীন রোমানরা তাদের দেবী জুনোর প্রতি উৎসর্গ করতো ম্যাত্রোনেলিয়া নামে একটি দিন। সেইদিন তারা মায়েদের উপহার দিতো। মাদারিং সানডে হিসেবে ইউরোপ ও যুক্তরাজ্যে একটি নির্দিষ্ট রবিবার পালিত হতো। ক্যাথলিক পঞ্জিকা অনুযায়ী এই দিনটিকে লেতারে সানডে বলা হয় যা লেন্টের চতুর্থ রবিবারে পালিত হয়। যুক্তরাষ্ট্রে প্রথম মাদার্স ডে পালন করেছিলো আনা মারিয়া জার্ভিস এক নারী। ১৯০৮ সালে আনা জার্ভিস তার মায়ের ৩য় মৃত্যুবার্ষিকীতে মা দিবস পালন করেছিলো। তবে আনা জার্ভিস নিজে কখনো মা হতে পারেনি। পরবর্তীতে ১৯১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন মা দিবসকে সরকারী ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। 

বিশ্বজুড়ে মাদার্স ডে কিভাবে পালিত হয়

বিশ্বজুড়ে মাদার্স ডে কিভাবে পালিত হয়?

মা দিবসে মা কে ঘিরে থাকে নানারকম আয়োজন ও উৎযাপন। বেশিরভাগ দেশেই মা দিবসে মাকে ফুল, চকোলেট, চিঠি, কার্ড, ও বিভিন্ন উপহার দেয়া হয়ে থাকে। কিছু কিছু দেশে এদিন মাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া হয়। ফ্রান্সে মাদার্স ডে-তে ফুল আকৃতির বিশাল কেক মাকে উপহার দেয়া হয়। সুইডেনে সন্তানেরা মাদার্স ডে-তে প্লাস্টিকের ফুল বিক্রি করে অর্জিত টাকা দিয়ে মাকে বাইরে ঘুরতে ও খেতে নিয়ে যায়। অন্যান্য দেশে এদিন মা কে নিয়ে কবিতা বা গান লিখে উপহার দেয় সন্তানেরা। তবে সবচেয়ে ভিন্নভাবে মাদার্স ডে পালন করে যুগোস্লাভিয়ায়। এদেশে মা দিবসের সকালে শিশুরা তাদের মাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে রাখে। মা সন্তানদের কোনো উপহার না দেয়া পর্যন্ত তারা মায়ের বাঁধন খুলে দেয় না।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মা দিবস কবে পালিত হয়?

চলুন দেখে আসি বাংলাদেশসহ দক্ষিণ এশীয় বাকি দেশগুলোতে মা দিবস কবে পালিত হয়!

দেশের নাম

মা দিবস পালিত হয় যেদিন

বাংলাদেশ

মে মাসের দ্বিতীয় রবিবার

ভারত

মে মাসের দ্বিতীয় রবিবার

পাকিস্তান

মে মাসের দ্বিতীয় রবিবার

শ্রীলংকা

মে মাসের দ্বিতীয় রবিবার

আফগানিস্তান

৮ই মার্চ

নেপাল

বৈশাখের অমাবস্যায় (১৯শে এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে যে অমাবস্যার দিন পাওয়া যায়)

ভুটান

মে মাসের দ্বিতীয় রবিবার

মালদ্বীপ

১৩ই মে

 

বাংলাদেশে মাদার্স ডে কিভাবে পালিত হয়

বাংলাদেশে মাদার্স ডে কিভাবে পালিত হয়?

বাংলাদেশে মা দিবস কোনো ছুটির দিন নয়। এটি অন্যান্য দিনের মতই সাধারণ একটি দিন। তবে মা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে এদিন সন্তানেরা তাদের মা কে বিশেষ উপহার দিয়ে থাকে। অনেকেই মাকে নিয়ে ঘুরতে যায় পছন্দের কোনো জায়গায়। কোথাও কোথাও এদিনে আয়োজিত হয় সভা কিংবা অনুষ্ঠান। 

মা এমন একজন মানুষ যাকে জড়িয়ে ধরলে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ সেখানেই। মায়ের আদর, ভালোবাসা, দোয়া আর সাপোর্টে সন্তানেরা জয়ী হয় জীবনযুদ্ধে। আমাদের শত আবদার, রাগ, জিদ, শান্তির আশ্রয় মাকে ঘিরেই। তবুও যেনো মায়ের থাকতে নেই কোনো ইচ্ছে, আবদার, স্বপ্ন, পছন্দ, ক্লান্তি, ভালো কিংবা মন্দলাগা, মন খারাপ, হতাশা অথবা অভিমান!!

আসুন মায়ের ইচ্ছেগুলো পূর্ণ করি, উপহার দেই ভালোলাগার সুন্দর কিছু মুহূর্ত। মা দিবসে এই হোক আমাদের প্রতিশ্রুতি। ভালো থাকুক পৃথিবীর সকল মা।